অ্যামাজনের বিরুদ্ধে নকল আইফোন-১৫ পাঠানোর অভিযোগ

২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৩৪  

ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের দিকে প্রতারণার অভিযোগের তীর তুলেছে ভারতের ব্যবহারকারীরা। নকল আইফোন-১৫ পাঠানোর অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রীতিমতো ঝড় উঠিয়েছেন তারা। খবর এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গাব্বার সিং নামের একটি জনপ্রিয় অ্যাকাউন্ট থেকে প্রথম এই অভিযোগ করা হয়। এক্স অ্যাকাউন্টটি প্রায় ১.৫ মিলিয়ন মানুষ অনুসরণ করে থাকে। একটি ছবি সংযুক্ত করে তিনি বলেন, অ্যামাজন তাকে নকল আইফোন-১৫ পাঠিয়েছে। বক্সে কোনো ক্যাবলও ছিল না। ছবিতে দেখা যায় মোবাইল ফোনটির ক্যামেরা কাজ করছে না। এসময় তিনি আর কেউ এমন ভুক্তভোগী আছেন কিনা তা জানতে চান।

যদিও তার এই পোস্টের পর অ্যামাজন অনলাইন বিভাগ থেকে তাকে দ্রুততার সাথে সমাধানের প্রতিশ্রুতি দেয়। তবে, অসংখ্য এক্স ব্যবহারকারী সেই সময়ে অ্যামাজনের দিকে প্রতারণার অভিযোগ তোলে।

অন্য আরেকটি অ্যাকাউন্ট থেকে বলা হয়, ১৫ দিন আগেই তাকে আইফোনের বদলে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্যাকেজ করে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে অ্যামাজন থেকে এই ব্যাপারে তাকে কোনো ধরনের সহযোগিতাও করা হয়নি। তিনি সবাইকে এই ই-কমার্স সাইটটি ব্যবহার করতেও নিষেধ করেন।

আরেকজন এক্স ব্যবহারকারী বলেছেন, তিনি নিজেও এই সমস্যায় পড়েছিলেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছিল প্রমাণ দেয়ার জন্য। যথেষ্ট প্রমাণাদি এবং দীর্ঘ অপেক্ষার পরেও তিনি কোনো সমাধান পাননি। বরং অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের দিক থেকে সঠিক পণ্যটিই পাঠানো হয়েছিল, তাই এক্ষেত্রে তাদের কিছু করার নেই।

এছাড়া অ্যাপল এয়ারপডের বদলে ব্রিটানিয়া ম্যারি গোল্ড বিস্কিট প্যাকেজ আকারে তাকে পাঠানো হয় বলেও একজন এক্স ব্যবহারকারী সেই পোস্টে অভিযোগ করেন।

ডিবিটেক/বিএমটি